ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬, ০৩:৪২ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধে সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকাল ১১টায় এসব কর্মসূচি পালন করা হয়।
এ দিন সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বালারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এরপর পর্যায়ক্রমে ফুলমতি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, বিডিআর বাজার, আনন্দবাজার ও নাওডাঙ্গা বকুলতলা বাজারেও অনুরূপ মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য অলিউর রহমান নয়নের সঞ্চালনায় এসব কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বির আলী মুসা, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার এবং ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মজিবর রহমান বাবুসহ মাদক প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আজকের এই স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মূলের দাবি জানান।
জেএইচআর