আমার সংবাদ ডেস্ক
জুন ২৭, ২০২৬, ০৩:৪২ পিএম
বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই বার্তা তুলে ধরেছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেওয়ার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না। বরং এটি দুই দেশের মধ্যে ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মালয়েশিয়া ও চীন—উভয় দেশই বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশও নিজস্ব স্বার্থ ও অগ্রাধিকার বজায় রেখে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।
চলচ্চিত্র খাতের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, যারা চলচ্চিত্র নির্মাণে কাজ করতে চান, সরকার তাদের পাশে থাকবে। পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিসিটিআই-এর কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এম জি