মিজানুর রহমান মিজান, লালমনিরহাট
জুলাই ৯, ২০২৬, ০৩:৪৬ পিএম
মাদক ও জুয়া নির্মূলে এক নজিরবিহীন ও কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক, জুয়া ও যৌতুক মামলায় গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে জামিন আবেদন বা কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধসহ সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। মন্ত্রীর এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেই জেলা আইনজীবী সমিতি এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
লিখিত বক্তব্যে আইনজীবীরা জানান, মাদক ও জুয়ার ভয়াল থাবায় আজ যুবসমাজ চরম হুমকির সম্মুখীন। এর কারণে পরিবার ও সমাজে নানা সংকট তৈরি হচ্ছে। তাই আইন পেশার মতো একটি পবিত্র পেশায় নিযুক্ত থেকে সমাজ ও দেশকে রক্ষায় তারা নিজেদের নৈতিক দায়িত্ব থেকে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর (স্বপন) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে সমিতি। আইনজীবীদের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে সমাজের অন্যান্য দায়িত্বশীল মহলও মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
জেএইচআর