ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
প্রবাসী কল্যাণমন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৪:৫৪ পিএম

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সংরক্ষণ, সম্প্রসারণ ও আরও সুসংহত করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এদিকে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি জানান, বিদেশগামী কর্মীদের দ্রুত পাঠানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, প্রশিক্ষণার্থীদের ভর্তি, প্রশিক্ষণের তদারকি ও সনদ প্রদান, বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজ করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর ফলে বিভিন্ন পর্যায়ে দালালদের দৌরাত্ম্য কমেছে এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫)’ প্রণয়ন করেছে। এছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এম জি

Link copied!