রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ১১, ২০২৬, ০৯:৫৪ পিএম
দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ ছাড়াও ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মার্শাল, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার এবং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, মহানগরের সাতটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দলীয় ঐক্য সুসংহত রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেএইচআর