গাইবান্ধা প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬, ০১:৩২ পিএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভারারদহ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ জামাল মিয়া ওই এলাকার মৃত নিয়ামত উল্লাহর ছেলে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন শাহ জামাল। এ সময় গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে অটোরিকশাচালক পাঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, “আমার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পালানোর সময় আমার মা তাকে দেখেছেন। গোলাম হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। এসব ঘটনায় আমার বাবা চাচা হিসেবে প্রতিবাদ করতেন। প্রায় পাঁচ মাস আগে কোদাল দিয়ে স্ত্রীকে মারধরের পর স্থানীয়দের সহযোগিতায় তাকে বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর তিনি আর ফিরে আসেননি, বর্তমানে ঢাকায় আছেন। সেই ক্ষোভ থেকেই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করেছে।”
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পারভেজ বলেন, ভাতিজার হাতে শাহ জামাল নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
এএন