মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬, ০১:৪৫ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সামন্তা চারাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মো. মুজাহিদকে (৩২) আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬৬৪ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। র্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, র্যাবের পক্ষ থেকে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এম জি