উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬, ০১:৪৯ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩১১ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের খোঁজখবর নেন তিনি এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ও শুকনো খাবার। ত্রাণ পেয়ে বন্যাকবলিত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এম জি