ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
জেলা প্রশাসক

আজকের দিনে নারীরা সব থেকে বেশি এগিয়ে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ০৭:২৬ পিএম

আজকের দিনে নারীরা সব থেকে বেশি এগিয়ে

গাজীপুরে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৩৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষুদ্রঋণ এবং ৩৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আজকের দিনে নারীরা সব থেকে বেশি এগিয়ে।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জাতীয় মহিলা সংস্থা গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সেলাই ও এমব্রয়ডারি, গ্রাফিক্স ডিজাইন এবং অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মোট ৩৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণের ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী মৌ সাহা নিজের সফলতার গল্প তুলে ধরে জানান, একটি পুরোনো সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করলেও এখন তিনি শুধু নিজের সংসারই চালাচ্ছেন না, বরং আরও তিনজন অসহায় নারীকে সঙ্গে নিয়ে কাজ করছেন। অন্যদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া পাপিয়া সুলতানা জানান, আগে অনলাইন ব্যবসা পরিচালনায় প্রযুক্তিগত সমস্যার কারণে অন্যের ওপর নির্ভর করতে হতো। প্রশিক্ষণের পর এখন তিনি নিজেই দক্ষতার সঙ্গে নিজের ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করে তুলতে হবে। তিনি জানান, যে চেষ্টা করে, সে সফল হয়। প্রত্যেকের মধ্যে কাজ করার ইচ্ছাশক্তি ও অনুপ্রেরণা রয়েছে। বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করা সম্ভব। তাই প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে নারীদের আরও এগিয়ে যেতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সমাজে আগে নারীদের নিয়ে অনেক ভুল ধারণা ছিল। কিন্তু আজকের দিনে নারীরা সব থেকে বেশি এগিয়ে। বাংলাদেশের ৬৪ জেলার অর্ধেক জেলাতেই এখন জেলা প্রশাসক নারী।

বর্তমান সরকারকে নারীবান্ধব উল্লেখ করে তিনি প্রয়োজনীয় যেকোনো সহযোগিতার জন্য নারীদের সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

জাতীয় মহিলা সংস্থা সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিতরণকৃত ৩৭ লাখ ৫০ হাজার টাকা ছাগল পালন, গরুর খামার, সবজি চাষ ও দর্জি বিজ্ঞানসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে ব্যবহৃত হবে। অর্থের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা সরাসরি অনলাইন ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণের অর্থ পাঠানো হবে।

জেএইচআর

Link copied!