আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৮:৪৩ পিএম
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
রোববার (১২ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা হওয়ায় এতে বিপুল মানুষের সমাগম ঘটে। তাই অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা সদস্য, লাইনিং ফোর্সসহ প্রয়োজনীয় বাহিনী মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। ছোট-বড় সব রথযাত্রার জন্য সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
সমন্বয় সভায় রথযাত্রা নির্ধারিত রুটে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলা ছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং রথযাত্রা উদ্যাপন কমিটির নেতারা সভায় অংশ নিয়ে মতামত দেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং রথযাত্রা উদ্যাপন কমিটির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
এম জি