মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
জুলাই ১৩, ২০২৬, ১১:৫৩ এএম
টানা সাত দিনের ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কের কিছু অংশ বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রী ও পরিবহনশ্রমিকদের ভোগান্তি বেড়েছে।
পৌরসভার বিশ্বাসপাড়া, কালামপুর, দিঘীরপাড়, বটতলা, হরিণহাটি, বোটমেলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বহুতল ভবন ও আবাসিক স্থাপনা নির্মাণ এবং পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় পানি জমে যায়। ফলে বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়ছে।
জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে পানি মাড়িয়ে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। এছাড়া নিম্নাঞ্চলের অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, "টানা কয়েক দিনের অস্বাভাবিক ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও ২–৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে পরিস্থিতির উন্নতি হতে পারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এএন