বিনোদন ডেস্ক
জুলাই ২৫, ২০২৬, ০২:৫০ পিএম
চীনা অভিনেত্রী তাং ওয়েই দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। ৪৭ বছর বয়সে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রতিনিধি।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত তাং ওয়েইয়ের এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান, কন্যা সামারের জন্ম হয়।
বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে পরিবারের একটি ছবি শেয়ার করেন তাং ওয়েই। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’
এর আগে গত মাসে তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে একসঙ্গে হংকং সফরে দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত হয়।
১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এম জি