সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ২৭, ২০২৬, ০৬:৩১ পিএম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত ভূমি নির্ধারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনগণের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত নালিয়ার দোলা, ধরলা ব্রিজের পূর্ব পাড় এবং দাশের হাটের ছড়া-এই তিনটি স্থান নিয়ে সভায় আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব স্থানের বিষয়ে নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় উপস্থিত সবাই মত দেন, ইউজিসির প্রতিনিধি দল সরেজমিনে ভূমি পরিদর্শন করে নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করবে।
এম জি