বি.এম খোরশেদ, মানিকগঞ্জ
জুলাই ২৮, ২০২৬, ০৪:৪২ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের জন্য ব্যাটারিচালিত হ্যালো বাইক চালাতেন।
২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তাঁর হ্যালো বাইক ও মোবাইল ফোনটি নিখোঁজ ছিল।
হত্যাকাণ্ডের দিনই নিহত সোহানের মা লাইলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।
মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ ম নুরতাজ আলম বাহার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেএইচআর