আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ০৫:১১ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্যপদ নিয়ে আইনি আলোচনা শুরু হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স (অনুরোধ) ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তথ্য জানান।
সিইসি বলেন, এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। পরে দলটি তাঁর সংসদ সদস্যপদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথক চিঠি পাঠায়।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের বিষয়ে প্রথমে স্পিকারের কাছে বিষয়টি উত্থাপন করতে হয়। এরপর স্পিকার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে রেফার করলে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি বলে সিইসি জানান।
তিনি স্পষ্ট করেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পেলেই কেবল নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেএইচআর