আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩৪ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও বিস্তারিত আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত এই তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, আওতাধীন কলেজের তালিকা, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের নামসহ প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ও গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষা পরিচালনার যাবতীয় নিয়মাবলি যথাযথভাবে পালনের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইভাবে অন্যান্য উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর ব্যবস্থা করতে হবে।
যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে, তারা মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও নথিপত্র গ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত কেন্দ্র তালিকা দেখে নিতে পারবেন।
জেএইচআর