আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০১ পিএম
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক ও গবেষকদের অসামান্য গবেষণার স্বীকৃতি প্রদান করা হয়।
মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান এবং স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.) সহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকবৃন্দ।
এ বছর ১৭৬ জন গবেষককে মোট ৬৯০টি গবেষণাপত্র প্রকাশের জন্য এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রকাশিত গবেষণাপত্রগুলোর মধ্যে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বুক এবং ২৭টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল রয়েছে। মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে গবেষকদের উৎসাহ দিতে সম্মাননার পাশাপাশি আর্থিক পুরস্কারও প্রদান করা হয়।
আইইউবিএটি কর্তৃপক্ষ জানায়, গবেষণার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সম্মাননা গবেষকদের ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা প্রকাশে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।
জেএইচআর