আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৬, ০১:১৪ পিএম
গ্রীষ্মকালীন অবকাশ, সাপ্তাহিক ছুটি এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকছে। অন্যদিকে মাদ্রাসায় টানা ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর মধ্যে ঈদের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। ছুটির আগের দুই দিন (শুক্র ও শনিবার) এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট টানা ১৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
অন্যদিকে কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশ উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এখানে ছুটির আগের দুই দিন এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৬ দিনের টানা ছুটি থাকবে কলেজে।
মাদ্রাসার ক্ষেত্রে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে ছুটি শুরু হবে ২৪ মে (রোববার) থেকে এবং শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট টানা ২১ দিনের ছুটি থাকবে মাদ্রাসায়।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এর মধ্যে ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে এবং সাপ্তাহিক ছুটি সমন্বয়ের কারণে ২৩ মে কর্মদিবস হিসেবেও গণ্য হবে।
এম জি