আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৬, ০৬:১৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছেন শিক্ষার্থীরা। তারা প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শুক্রবার গভীর রাতে বিভিন্ন ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সকাল পর্যন্ত সেখানে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৩ মে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরও প্রশাসন অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থ হয়েছে। তারা আরও দাবি করেন, প্রশাসন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্ত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রক্টরের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে ধরতে কাজ করছে এবং তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। তিনি তদন্তের জন্য সাত দিনের সময় চাইলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
এম জি