সজিবুর রহমান, গোবিপ্রবি
জুলাই ৮, ২০২৬, ০৪:২২ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স চালু করা হয়েছে। পাশাপাশি গবেষণাগার সমৃদ্ধকরণ এবং মেডিকেল সেন্টারের সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
উপাচার্য আরও জানান, শিক্ষক সংকট মোকাবিলায় ইতোমধ্যে ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ৪৭ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নয়ন ও আপগ্রেডেশন সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, ভবিষ্যতে গোবিপ্রবিকে শিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানের শুরুতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান ফটক বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
এম জি