আবু সাঈদ, বেরোবি
জুলাই ১৭, ২০২৬, ১০:৫৫ এএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে একজন করে জন্ম নেন। টিয়ারশেল ও লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ সেদিন বুক চিতিয়ে বলেছিলেন, ‘বুক পেতেছি, গুলি কর।’ তাঁর সেই সাহসী অবস্থানই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছিল।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদ দিবস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরেই নানা দিক থেকে বঞ্চনার শিকার। তবে বর্তমান সরকার আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এ বাজেটের সুফল রংপুর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবু সাঈদ হত্যা মামলার রায়ের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “রায় হয়েছে, কিন্তু তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা দাবি জানাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে।”
তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আবু সাঈদের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত দিনের ফ্যাসিস্টরা বিভিন্ন রূপ ও মোড়কে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল এবং মতের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আবু সাঈদের রক্ত এবং ’২৪-এর শহীদদের আত্মত্যাগ কোনো দিন বৃথা যেতে দেওয়া হবে না।”
এএন