স্পোর্টস ডেস্ক
জুলাই ১৬, ২০২৬, ০২:৩০ পিএম
দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিজ নিজ অঞ্চল ও দপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। এ লক্ষ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের বিভিন্ন অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, পাঠদানের মান, প্রশাসনিক কার্যক্রম এবং পরিবেশ উন্নয়নে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করছে অধিদপ্তর।
এম জি