নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৪৩ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করবে এমন ধারণা করছেন দেশের ভোটারদের একটি বড় অংশ। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ ভোটার মনে করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। অন্যদিকে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড ৩’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার মূল ফলাফল উপস্থাপন করেন।
গত ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে এ প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট ৫ হাজার ১৪৭ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোট সম্পর্কে প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও ২২ শতাংশ এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ছাড়া ৭২ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে, যা আগের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আস্থা বেড়ে ৭৪ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ৮২ শতাংশ উত্তরদাতা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন।
আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন এমন প্রশ্নে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেন। তবে ২৩ দশমিক ৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। আগের দফার তুলনায় বিএনপির সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
জরিপ বলছে, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন।
জরিপের তথ্য অনুযায়ী, ৭৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন। তবে নারী উত্তরদাতাদের ৬৯ দশমিক ৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
ভোট পছন্দের দিক থেকে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে। আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে এবং ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এ দলের ভোটারদের ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
সম্ভাব্য ভোট বণ্টনের ক্ষেত্রে দেখা যায়, যারা ভোট পছন্দ করেন, তাদের মতে বিএনপি ও তাদের জোট ৫২ দশমিক ৮ শতাংশ ভোট পেতে পারে।
জামায়াত ও তাদের জোট পেতে পারে ৩১ শতাংশ ভোট। তবে ১৩ দশমিক ২ শতাংশ উত্তরদাতা তাদের পছন্দের কথা প্রকাশ করেননি। বিশ্লেষণে বলা হয়, ভোটব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলীয় ব্যবধান কমে আসতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, ভয়েসেস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভিশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান।
ইএইচ