বিনোদন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬, ১২:৫৯ পিএম
সুপারস্টার শাকিব খান আবারও বড়পর্দায় নতুন জুটিতে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোমান্টিক চলচ্চিত্র ‘রকস্টার’ এ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটির একটি পোস্টার শেয়ার করেন। পোস্টারে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন শাকিব ও সাবিলা। সেখানে দেখা যায়, শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও আবেগঘন মুহূর্তে মগ্ন।
পোস্টারের সঙ্গে ক্যাপশনে ব্যবহার করা হয়েছে একটি গানের লাইন—‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে’
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি, যার পরিচালক আজমান রুশো। জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর এখন দেশের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ণ। ইতোমধ্যে ছবিটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে।
এম জি