বিনোদন ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ০১:২৫ পিএম
কানাডায় চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার নিজের মাতৃভূমিতে পারফর্ম করতে আসছেন। আগামী ১৯ জুলাই ঢাকার বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিতব্য ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে তিনি মঞ্চ মাতাবেন।
বিশ্বকাপের আসরে গান গাওয়ার পাশাপাশি লাল-সবুজের শাপলা ও রয়্যাল বেঙ্গল টাইগার খচিত মেরুন রঙের স্যুট পরে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন লস অ্যাঞ্জেলেস প্রবাসী এই শিল্পী। এবার সরাসরি দেশীয় শ্রোতাদের সামনে গান শোনাবেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ও সেমিফাইনাল ঘিরে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত বনানীতে চলবে ছয় দিনের এই ফুটবল উৎসব। বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর পাশাপাশি এখানে প্রতিদিন থাকছে লাইভ কনসার্ট ও ডিজে শো।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানায়, ১৯ জুলাই ফাইনাল ম্যাচের ঠিক আগে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন সঞ্জয় ও তাঁর সাথে থাকবেন ডিজে জুডু। এর আগে অন্যান্য দিনগুলোতে পর্যায়ক্রমে পারফর্ম করবেন ফিরোজ জং, ডিজে সুমন, ব্ল্যাক জ্যাং, ডিজে তন্ময়, তাসনিম আনিকা, ডিজে প্রিয়ন্তী, মিলা ইসলাম, ডিজে রিশাদ, ডিজে তৃষা এবং ডিজে সানী।
শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয়ের বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি বিশ্বখ্যাত ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক) প্রযোজক। অরিজিৎ সিং, নোরা ফাতেহি, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান থেকে শুরু করে বাংলাদেশের হাবিব ওয়াহিদ ও জেফারের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গান প্রযোজনা করেছেন তিনি।
অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে এই উৎসবের অগ্রিম টিকিট বুকিং করা যাচ্ছে। প্রথম দুই দিনের এন্ট্রি ফি ৫০০ টাকা, পরের তিন দিন ৩০০ টাকা করে এবং ফাইনালের দিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় এই আয়োজন শুরু হবে।
জেএইচআর