বিনোদন ডেস্ক
মে ১৫, ২০২৬, ০৪:৩৩ পিএম
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য জীবন নাকি ভেঙে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন একে অপরকে আনফলো করেছেন। এর পর থেকেই শুরু হয় বিচ্ছেদের কারণ নিয়ে গুঞ্জন। একপর্যায়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছিলেন মৌনী। তাতেও লাভ হয়নি।
দুজনের বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের খবর প্রকাশ করে আসছিল। অবশেষে মৌনী ও সুরজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা-কল্পনার পর গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।
মৌনীর পোস্টে লেখা ছিল, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা পথে হাঁটার। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।
মৌনী জানান, বর্তমানে তাঁরা দুজনই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাঁদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে মৌনী লেখেন, আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন এটাই অনুরোধ।
এর আগের দিনও ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি লিখেছিলেন, সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ, কোনো মিথ্যা গল্প প্রকাশ করবেন না এবং আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।
একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।
ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের বাড়ি বেঙ্গালুরুতে। বিয়ের আগে তিনি দুবাইয়ে বসবাস করতেন বলেও জানা যায়। বিয়ের পর দীর্ঘ সময় ধরে এই জুটি নিজেদের ভ্রমণ, ডেট নাইট ও বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায় অভিনয় করেছেন ‘কস্তুরি’, ‘নাগিন’ ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে। পাশাপাশি ‘নাচ বালিয়ে ৬’, ‘ঝলক দিখ লাজা’ ও ‘জরা নাচকে দিখা’র মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ‘টেম্পটেশন আইল্যান্ড’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। বড় পর্দায়ও দেখা গেছে তাঁকে ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রক্ষাস্ত্র’ সিনেমায়।
জেএইচআর