আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬, ০২:২০ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার লাতিন আমেরিকার আরও দুই প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাদুরোর পর এবার কলম্বিয়া ও কিউবার সরকারের পতনও খুব কাছাকাছি।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
রোববার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন। তিনি কলম্বিয়াকে একটি ‘অসুস্থ দেশ’ হিসেবে অভিহিত করে বলেন, সেখানে এমন একজন অসুস্থ ব্যক্তি শাসন চালাচ্ছেন যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন। তিনি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না।
কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো সামরিক অভিযানের পরিকল্পনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, আইডিয়াটি আমার কাছে ভালোই মনে হচ্ছে।
কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর মতে, কিউবার বর্তমান সরকার এমনিতেই পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। তাদের আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার তেল। যেহেতু ভেনেজুয়েলা এখন আমাদের নিয়ন্ত্রণে আসছে, তাই কিউবার টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। কিউবায় সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
গত শনিবার (৩ জানুয়ারি) মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মাদক পাচার ও নারকো-টেরোরিজমের অভিযোগ এনে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব লাতিন আমেরিকায় নতুন করে অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রাম্পের এই হুমকির পর লাতিন আমেরিকার দেশগুলোকে ‘দাসত্বের হাত থেকে বাঁচতে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
জেএইচআর