আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬, ০৩:০৯ পিএম
ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার একটি পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে তেহরানের সহযোগিতাও পাওয়া যাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাপ্রকাশ করেছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ইউরেনিয়াম কীভাবে যুক্তরাষ্ট্রে আনা হবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এর জবাবে তিনি জানান, বড় আকারের এক্সকেভেটরসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এবং ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় অত্যন্ত শক্তিশালী ও বড় যন্ত্রপাতির প্রয়োজন হবে, যা কল্পনারও বাইরে। তবে পুরো কাজটি ইরানের অংশগ্রহণেই করা হবে এবং খুব শিগগিরই তা বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০ শতাংশ। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই মাত্রা কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হয়।
এর আগে ১৬ এপ্রিল ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। তবে সেই দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে তেহরান জানায়, কোনো অবস্থাতেই তাদের ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া হবে না।
শুক্রবারের এই বক্তব্যে ট্রাম্প মূলত তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করলেন।
সূত্র: এএফপি
এএন