আন্তর্জাতিক ডেস্ক
মে ১১, ২০২৬, ০১:৩৮ পিএম
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতেই ধৃতদের কলকাতায় আনা হয়। ভবানী ভবনে রাতভর জিজ্ঞাসাবাদের পর সোমবার ১১ মে তাদের বারাসত আদালতে তোলা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার কাছে বালির একটি টোল প্লাজায় হামলাকারীদের মোবাইলের ইউপিআই লেনদেনের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। এরপর উত্তরপ্রদেশ ও বিহার থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকা ও দ্য ওয়ালসহ কলকাতাভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার গভীর রাতে উত্তরপ্রদেশ থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলকাতায় এনে পশ্চিমবঙ্গ পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৬ মে রাতে কলকাতা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের মধ্যমগ্রামে খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। তার বুকে ও হাতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সময়ও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি। বিজেপির নিরঙ্কুশ জয়ের পরপরই এ হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে দ্য ওয়াল জানিয়েছে, অত্যন্ত ঠান্ডা মাথায় ও পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল। চন্দ্রনাথের চলাফেরা, এমনকি গাড়ির কোন আসনে তিনি বসতেন, সেটিও নজরে রেখেছিল আততায়ীরা।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। কারো সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার দিনই খুনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গাড়ির নম্বরপ্লেটটি ছিল ভুয়া। হামলাকারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর নম্বরপ্লেটও ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এম জি