আন্তর্জাতিক ডেস্ক
মে ১৪, ২০২৬, ০৪:২৪ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ইরানের ওপর সামরিক হামলায় আমিরাত সরাসরি জড়িত ছিল এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম নিক্ষেপ করা হয়েছে।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পরবর্তীতে তিনি বিষয়টি নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করেন।
আরাগচি বলেন, আমাকে স্পষ্টভাবে বলতে হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকে আমাদের ওপর গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেও সংযুক্ত আরব আমিরাত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তার ভাষায়, ইসরায়েলের সঙ্গে আপনারা যে জোট করেছেন, তা আপনাদেরও রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি নতুন করে ভাবা উচিত।
উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরান বারবার অভিযোগ করছে যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু দেশ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ব্রিকস বৈঠকে আরাগচির এই মন্তব্য মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ইরান-ইসরায়েল বিরোধের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে।
এম জি