আন্তর্জাতিক ডেস্ক
মে ৩১, ২০২৬, ০৪:০৭ পিএম
ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় নিজেদের সাবমেরিন সক্ষমতা বাড়াচ্ছে ভারতীয় নৌবাহিনী। এমন তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী।
শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত মহাসাগর এলাকায় কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও বহিঃআঞ্চলিক শক্তির উপস্থিতি দিন দিন বাড়ছে। এ বিষয়ে ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ সচেতন ও সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “এই অঞ্চল এখন আর শুধুই সহযোগিতার নয়, বরং ক্রমেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে প্রবেশ করছে।”
সাম্প্রতিক সময়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতা বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় নৌবাহিনী সব ধরনের আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সক্ষমতাভিত্তিক প্রস্তুতি নিচ্ছে।
অ্যাডমিরাল ত্রিপাঠী আরও জানান, ভারতের নৌ সক্ষমতা বৃদ্ধিতে সরকার ‘প্রজেক্ট ৭৫-আই’ নামে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ছয়টি সাবমেরিন ও ২০০টিরও বেশি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “আমরা আত্মনির্ভরতার নীতির ওপর ভিত্তি করে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছি।”
তবে তিনি স্পষ্ট করেন, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্যবস্তু করা হয়নি। ভারতের উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।
এএন