আন্তর্জাতিক ডেস্ক
জুন ৬, ২০২৬, ০১:০৮ এএম
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে জাতীয়তা যাচাই সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের নিজস্ব আইন রয়েছে এবং সেই আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জয়সওয়াল জানান, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশ কয়েকটি তালিকা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে ভারত সরকার প্রত্যাবাসনের কার্যক্রম শুরু করবে।
তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি অবৈধভাবে দেশে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে প্রচলিত আইন প্রয়োগ করা হবে। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীরাও এর আওতাভুক্ত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনার জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা কার্যকর রয়েছে। এই ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। যাচাই সম্পন্ন হওয়ার পর প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশের কাছে এ ধরনের একাধিক আবেদন পাঠানো হয়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি হলে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে ভারত।
এম জি