ঝালকাঠি প্রতিনিধি
জুন ২৭, ২০২৬, ০২:২৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়ায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। শুক্রবার বেলা সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমি ঝালকাঠির কাছে কৃতজ্ঞ। আমাদের সাত ভাইবোনের মধ্যে আমি সবার বড় এবং একমাত্র সন্তান, যার জন্ম ঝালকাঠি উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে। বিশ্বের যেখানেই থেকেছি, সবসময় জন্মভূমির টান অনুভব করেছি।”
তিনি আরও বলেন, ঝালকাঠিকে আলোকিত করতে হলে স্বাস্থ্য, শিক্ষা, নদী উন্নয়নসহ বিভিন্ন খাতে একটি করে ‘বাতিঘর’ গড়ে তুলতে হবে। আর এসব বাতিঘরের জন্য প্রয়োজন নিবেদিতপ্রাণ ‘বাতিওলা’। তারা কোনো নির্দিষ্ট দল, ধর্ম বা বয়সের হবে না। সব রাজনৈতিক মতাদর্শ, সব ধর্মের মানুষ, প্রবীণদের অভিজ্ঞতা, তরুণদের সাহস এবং শিশুদের ভবিষ্যৎ সবকিছুর সমন্বয়ে ঝালকাঠিকে এগিয়ে নিতে হবে। প্রশাসনের সহযোগিতায় সবাইকে সঙ্গে নিয়ে পুরো জেলাকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির জন্য এক আলোকবর্তিকা হয়ে এসেছেন। তিনি শুধু ঝালকাঠির নন, সরকারের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। এমন কৃতী সন্তানকে নিয়ে জেলাবাসী গর্বিত।
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ড. জিয়াউদ্দিন হায়দার অল্প সময়ের মধ্যেই তাঁর কর্মের স্বাক্ষর রেখেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম এবং স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিব মো. ফেরদৌস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ। এ সময় প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জেএইচআর