ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কাউনিয়ায় পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য কলি রানী

সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর)

সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর)

জুলাই ২, ২০২৬, ০৪:৪৬ পিএম

কাউনিয়ায় পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য কলি রানী

প্রবল ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলে যে যেকোনো শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায়, তার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে অদম্য শিক্ষার্থী কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, হাত দুটিও বাঁকা ও ছোট। ফলে হাত দিয়ে কলম ধরার কোনো সুযোগ নেই তাঁর। তবে এই চরম শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি তাঁকে। নিজের ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে কলি রানী। সে কাউনিয়া কলেজের শিক্ষার্থী হিসেবে কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কাউনিয়া উপজেলার গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি রানী। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সে সবার ছোট। যখন সে তৃতীয় শ্রেণীতে পড়ে, তখনই তাঁর বাবা পরলোকগমন করেন। মা রুপালী রানী ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা আর নিজের অদম্য চেষ্টায় সব বাধা ডিঙিয়ে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। শুধু পড়াশোনাই নয়, কলি রানী দারুণ গান গাইতে পারে।

ইতোমধ্যে গান গেয়ে একাধিক সম্মাননা স্মারকও অর্জন করেছে সে। এমনকি নিজের পা দিয়েই অনায়াসে চালাতে পারে কম্পিউটার ও মোবাইল ফোন। পঞ্চম শ্রেণীতে পায়ে লিখে ‘এ গ্রেড’ পেয়েছিল কলি রানী এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায়ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সে। তাঁর স্বপ্ন- পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের সেবা করা।

কলি রানীর ভাই মন্টু রাম রায় জানান, জন্ম থেকেই বোনের হাত দুটি স্বাভাবিক নয়। তবে পড়াশোনার প্রতি তাঁর তীব্র আগ্রহ দেখে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করে। ধীরে ধীরে অনুশীলন করতে করতে এখন সে অত্যন্ত দ্রুত গতিতে পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করে নিয়েছে। বোনের এই স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দেশের বিত্তবান ও দয়াবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষা কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথেই বসে কলি রানী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পা দিয়ে খাতায় লিখছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থী হওয়ায় বোর্ডের নিয়ম মেনে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণে তাঁর এই স্বপ্নের পথচলায় তিনি শুভকামনা জানান।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা কলি রানীর এই অদম্য স্পৃহার প্রশংসা করে বলেন, কোনো প্রতিবন্ধকতাই কলি রানীকে আটকে রাখতে পারেনি। আমরা চাই তাঁর এই অদম্য অগ্রযাত্রা যেন কোনোভাবেই থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন সবসময় তাঁর পাশে থাকবে।

জেএইচআর

Link copied!