নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬, ১১:৫০ পিএম
পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটিই এদেশের দীর্ঘদিনের প্রথা ও রীতি। সকল শিক্ষাপ্রতিষ্ঠানই সাধারণত রমজান মাসে বন্ধ থাকে।
সংবিধানের ৩১ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, আইন ছাড়া কিছুই করা যাবে না। আর অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী ‘আইন’ বলতে বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতিকেও বোঝানো হয়। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়ত ও ক্লাস করে ক্লান্ত হয়ে যায়। তাদের রোজা রাখতে কষ্ট হয় এবং এতে ধর্মীয় আচার চর্চায় অন্তরায় সৃষ্টি হয়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এমতাবস্থায় রমজান মাসে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে নোটিশে উল্লেখ করা হয় যে, কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে। নোটিশ প্রদানের সময় আইনজীবীর সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ