নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৫, ১২:০০ এএম
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে আসন্ন সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ ঘিরে চলমান আন্তর্জাতিক আলোচনা ও ব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। সফরসূচি অনুযায়ী, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের কথা ছিল। এ সফরে তিনি তার মেয়েকেও সঙ্গে আনবেন বলে জানা গিয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে সফর বাতিল হওয়ায় তা স্থগিত রাখতে হচ্ছে।
এক কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সফরের মধ্য দিয়ে মেলোনির এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। এরপর তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতা হিসেবে ইতালির সক্রিয় ভূমিকার কারণে এশিয়া সফর আপাতত বাতিল করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ঠঠওচ)’ হিসেবে ঘোষণা করেছে।
ইএইচ