আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৬, ০৯:১৮ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অরল্যান্ডোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
জানা গেছে, দুবাই হয়ে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ পরিবহনের ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির পরিচয় নিশ্চিত করে। এরপর বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কূটনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে এবং অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
এএন