আমার সংবাদ ডেস্ক
মে ১৫, ২০২৬, ১১:৪১ এএম
দেশে চিকিৎসা শিক্ষার সম্প্রসারণে নতুন মাইলফলক হিসেবে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার ১৩ মে স্বাস্থ্য শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিকেল কলেজ।
এম জি