আমার সংবাদ ডেস্ক
জুন ২০, ২০২৬, ০৮:৪৩ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম। আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং-২৯ অব ১৯৭৩) এর ধারা ১০(১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
অন্য এক প্রজ্ঞাপনে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. ওমর ফারুক মির্জাকে চেয়ারম্যান এবং ডা. আবু মো. মোশাররফ হোসাইনকে (রোকা) ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. শেখ মহিউর রহমান সাবিক, অধ্যাপক ড. মোহা. শহীদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. করবী সুলতানা, অ্যাডভোকেট জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জালিল আহমেদ, কাজী মোহাম্মদ মাসউদুর রহমান, ইমাম মোহাম্মদ মহসিন চৌধুরী, অধ্যাপক ড. শেখ মোহাম্মদ সালাম এবং এস এম মাহবুবুল ইসলাম সজল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
জেএইচআর