আমার সংবাদ ডেস্ক
জুলাই ৪, ২০২৬, ০৯:২০ এএম
জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ৯ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে অর্থাৎ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
জেএইচআর