আমার সংবাদ ডেস্ক
জুলাই ৪, ২০২৬, ১০:৫৯ এএম
রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকা ও এর আশেপাশে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের মধ্যে দেশের কোনো কোনো অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এর আগে শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।
জেএইচআর