আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৩, ২০২৬, ০৪:২৮ পিএম
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে জেলে যেতেই হবে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা ভারত কিংবা বাংলাদেশ- যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, আইন অনুযায়ী তাকে প্রথমে কারাগারে যেতে হবে। তিনি উল্লেখ করেন, আদালতের রায়ের পর তার বিষয়ে আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে কী ধরনের বক্তব্য দিচ্ছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান এবং এরপর থেকেই সেখানে অবস্থান করছেন। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এএন