আবু তাহের
জানুয়ারি ২৬, ২০২৬, ০২:০৮ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বিএনপি এখন সহিংসতার পথে হাঁটছে এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি গতকাল লালমনিরহাটে ঘটে যাওয়া ১১ দলের নির্বাচনী প্রচারণায় বিশেষ করে নারীকর্মীদের ওপর বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাশেদ প্রধান বলেন, ‘আন্তর্জাতিক জরিপে নির্বাচনে বিএনপির ভরাডুবির তথ্য পাওয়ার পর থেকেই দলটির নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে ১১ দলের ওপর নগ্ন হামলা চালাচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে তারা এখন নির্বাচন থেকে সরে যেতে চাইছে। তাই হামলা-সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘অতীত ও বর্তমানের কৃতকর্মের কারণে বিএনপি জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী প্রচারে হামলার পথ বেছে নিয়েছে।’
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে জাগপা নেতা বলেন, ‘এদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ মেনে নেয়নি বলেই শেখ হাসিনাকে এক কাপড়ে দেশ ছাড়তে বাধ্য করেছে। বিএনপি যদি নতুন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের ছাত্র-জনতা তাদেরও পুরোনো ঠিকানা লন্ডনে পালাতে বাধ্য করবে।’
বিবৃতিতে রাশেদ প্রধান নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনী প্রচারণায় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এখনো সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। বরং তাদের আচরণ বিএনপিপন্থি হয়ে উঠেছে। এভাবে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’
এএন