আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৮ পিএম
নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে মোট ৭৪ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছালে যৌথ বাহিনী তাঁকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন তাঁর কাছে ৫০ লাখ টাকা থাকার কথা জানালেও, পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ গণনায় ৭৪ লাখ টাকা পাওয়া যায়। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে দুপুর ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত বিশাল অঙ্কের এই অর্থের উৎস কী এবং তা নির্বাচনের মাঠে কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, উদ্ধারকৃত অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয় বরং এগুলো বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। তিনি অভিযোগ করেন, একটি বৈধ লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ মন্তব্য করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে এই টাকা কোনো অবৈধ উৎসের কি না। যদি এটি চোরাই বা ঘুষের টাকা না হয়, তবে কেবল টাকা বহন করা অপরাধ নয়। তদন্ত শেষেই অর্থের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জেএইচআর