আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:০৮ এএম
ভোটের আগের রাতে দেশজুড়ে বিভিন্ন তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দেশবাসীকে এসব বিভ্রান্তি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমীর উল্লেখ করেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’ কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও নির্বাচনের প্রাক্কালে অনলাইনে ছড়িয়ে পড়া নানা সংবাদের দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে তাঁর ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ডা. শফিকুর রহমান। বিকেলে ক্ষতিগ্রস্ত একটি বুথের ছবি পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে জনগণকে আর দমিয়ে রাখা যাবে না।
পেশীশক্তির রাজনীতির দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, যারা মেধা ও পরিকল্পনা দিয়ে রাজনীতি করতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। তবে জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে সাধারণ মানুষ আর কোনো অন্যায় মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অন্তরে তাঁর প্রতীকের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, আগামীকালের ভোটে তার প্রতিফলন ঘটবে। ভয়-ভীতির রাজনীতি উপেক্ষা করে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের রায় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
জেএইচআর