আমার সংবাদ ডেস্ক
জুন ১৩, ২০২৬, ১০:৩০ এএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ২২ হাজার ৯৫২ জন হাজিকে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১৯ হাজার ২৮৫ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে এসেছেন ৩ হাজার ৭০৬ জন।
ফ্লাইট পরিচালনার দিক থেকেও এগিয়ে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন পর্যন্ত তাদের পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৮টি। সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ৬২ হাজার ৮৩৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৬৬৫ জন হজযাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।
হজ চলাকালে ও পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। গত ৩০ মে থেকে তাদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে।
এএন