আমার সংবাদ ডেস্ক
জুন ১৩, ২০২৬, ০৮:০৩ এএম
তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) একদিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনা পরিদর্শন।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি একটি সুধী সমাবেশেও অংশ নেবেন।
সফরকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পেকুয়া পৌরসভা এবং নতুন মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
দিনের সব কর্মসূচি শেষ করে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এএন