ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
অক্টোবর ৩০, ২০২৫, ১১:৪০ পিএম
জিতলে ফাইনাল, হারলে বিদায় এর চেয়ে বড় লড়াই আর কী হতে পারে! এমন উত্তাপ ছড়ানো সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ৮ বছর পর নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বৃহস্পতিবার মুম্বাইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় হারমানপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারত।
ভারতের জয়ের নায়ক জেমিমাহ রদ্রিগেজ। তিনে নেমে ১৩৪ বলে ১৪ চারসহ অপরাজিত ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রীত কৌরের (৮৯) সঙ্গে গড়েন ১৬৭ রানের জুটি।
হারমানপ্রীত ফিরে গেলেও ভারতের জয়পথ থামাননি জেমিমাহ। শেষ পর্যন্ত দলের লক্ষ্যে পৌঁছে দেন সুদৃঢ় ব্যাটিংয়ে।
এই নিয়ে তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। আগের দুইবার রানার্স-আপ হয়েই থামতে হয়েছিল।
রোববার একই ভেন্যুতে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে প্রোটিয়া মেয়েরা। যে জিতবে—নারী ক্রিকেট পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
ফাইনালে যাওয়ার অন্যতম ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং নিয়ে ওপেনার ফোবি লিচফোল্ডের সেঞ্চুরি (১১৯) ভর করে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের বড় সংগ্রহ গড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু ভারতের সামনে সেটি টিকল না।
এই ম্যাচেই নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল ভারত।
শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। চাপ সামলে সহজেই সমীকরণ মেলান জেমিমাহরা। সোফি মোলিনাক্সের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন আমানজোত কৌর (১৫*)।
৩৪১ রানে পৌঁছে ভারত যখন ম্যাচ জেতে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জেমিমাহ-হারমানপ্রীত-সহ সতীর্থরা।
নারী বিশ্বকাপ এখন অপেক্ষায় নতুন এক চ্যাম্পিয়নের মুকুটের। রবিবার ফাইনালে কার মুকুট ওঠে দক্ষিণ আফ্রিকা নাকি ভারত এখন দেখার পালা।
ইএইচ