ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবাহনী-মোহামেডানের সেই পুরোনো উন্মাদনা ফিরিয়ে দেখতে চান ফখরুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৬:০৭ পিএম

আবাহনী-মোহামেডানের সেই পুরোনো উন্মাদনা ফিরিয়ে দেখতে চান ফখরুল

দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সম্প্রতি নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। নতুন উদ্যমে ক্লাবটিকে গুছিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবে আজ ক্লাব প্রাঙ্গণে বসেছিল দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীদের মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় সক্রিয় ক্রীড়া সংগঠক ছিলেন। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য। বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর দায়িত্বে থাকা ফখরুল আজ মোহামেডান ক্লাবে এক সৌজন্য সফরে আসেন। একই সময়ে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক, যিনি এক সময় মোহামেডান ফুটবল দলের সফল অধিনায়ক ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম, সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রশিদ উজ-জামান মিল্লাত এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ ছাড়া সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন আহমেদ, এবিএম মোশাররফ হোসেন, হুইপ রফিকুল ইসলাম বকুল, খায়রুল কবির খোকন এবং মোহামেডানের সাবেক কর্মকর্তা মনিরুল হক চৌধুরীসহ সাবেক তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ক্রীড়াঙ্গনে এলে মনে হয় নিজের ঘরেই ফিরেছি। আমি মফস্বল থেকে উঠে আসা মানুষ, খেলাধুলার সঙ্গেই বড় হয়েছি। আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি। এখন নতুন সূর্যের আলোয় ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছি।”

ক্রীড়াবিদদের জন্য গতকাল চালু হওয়া নতুন ভাতার প্রশংসা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “দেশে ফেরার পর আমাদের চেয়ারম্যান মহোদয় তাঁর পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যার একটি বড় অংশ ছিল ক্রীড়া। বর্তমানে খেলোয়াড়দের ভাতা ও কার্ড প্রদান শুধু বর্তমান নয়, ভবিষ্যতের অ্যাথলেটদের জন্যও বড় অনুপ্রেরণা।”

মোহামেডান ক্লাবের গৌরবময় ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “মোহামেডান কেবল একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ফুটবল, ক্রিকেট ও হকির অসংখ্য সোনালী মুহূর্ত এই ক্লাবের হাত ধরে এসেছে।” দীর্ঘ ২৩ বছর লিগ শিরোপা না জেতা এবং বর্তমানের আর্থিক সংকটের কথা উল্লেখ করে তিনি মোহামেডানের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার তাগিদ দেন।

ক্রীড়াঙ্গনে গত এক যুগের রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে ফখরুল বলেন, “এখন সবচেয়ে বেশি প্রয়োজন অরাজনৈতিক ঐক্য, স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন।” তিনি মোহামেডান-আবাহনী দ্বৈরথের সেই চিরায়ত উন্মাদনার কথা স্মরণ করে বলেন, “এক সময় এই দুই দলের খেলা মানেই ছিল স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। আমি আবারও জাতীয় স্টেডিয়ামে সেই উত্তেজনা দেখতে চাই। ক্রিকেট দেখি ঠিকই, কিন্তু মোহামেডান-আবাহনীর সেই ফুটবল যুদ্ধ দেখার আকাঙ্ক্ষা এখনো প্রবল।”

যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে মোহামেডানের পাশাপাশি আবাহনীসহ দেশের সব ক্লাবকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বৈরিতার দেয়াল ভেঙে মোহামেডান ক্লাবের মঞ্চে উপস্থিত ছিলেন আবাহনীর অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। তিনি এই আয়োজনকে ‘ঈদের আনন্দের মতো সুন্দর এক মিলনমেলা’ হিসেবে অভিহিত করেন।

জেএইচআর

Link copied!