ক্রিড়া প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২৬, ১২:২০ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা এ মামলার তথ্য বুধবার প্রকাশ করেছে টিএমজেড।
মামলার সূত্রপাত ২০২৩ সালের অক্টোবরে আয়োজিত আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে ঘিরে। যেখানে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল ও পুয়ের্তো রিকো জাতীয় ফুটবল দল। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক আয়োজনস্বত্ব নেয় ‘ভিআইডি’, যেখানে শর্ত ছিল, চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।
কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মিনিটের জন্যও মাঠে নামেননি; বরং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। আয়োজকরা আরও দাবি করেছে, তার পরিবারের জন্য বিশেষ সুইটের খরচও তারা বহন করেছিল। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন পরদিনই মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করেন। এতে আয়োজকদের দাবি, মেসি শারীরিকভাবে খেলার উপযোগী ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে প্রীতি ম্যাচটি এড়িয়ে যান।
পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ নিয়েও অভিযোগ রয়েছে। ম্যাচটি মূলত শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। এর ফলে দর্শক ধারণক্ষমতা কমে গিয়ে আয়োজকদের ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তা ঝুঁকির কথা বললেও স্থানীয় কর্তৃপক্ষের মতে, টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ।
ক্ষতিপূরণ হিসেবে চীনে আরেকটি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও, ব্যস্ত সূচির অজুহাতে তা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ উঠেছে।
বিশ্বকাপের প্রস্তুতির সময়ে এমন আইনি জটিলতা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মেসি বা এএফএর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এম জি